ভারতবিরোধী কার্যক্রম ও সন্ত্রাসীদের আশ্রয় দেয়া অব্যাহত থাকলে পাকিস্তান বিশ্বের মানচিত্রে টিকে থাকবে কিনা, তা দেশটির নিজেদেরই ঠিক করতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।
শনিবার (১৬ মে) মানেকশ সেন্টার-এ আয়োজিত ‘সেনা সংবাদ’ শীর্ষক এক ইন্টারেক্টিভ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদকে সমর্থন ও ভারতবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যায়, তাহলে দেশটি ভবিষ্যতে ইতিহাসের পাতায় থাকবে নাকি বিশ্বের মানচিত্রে— সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।
সেনাপ্রধানের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ভারত সম্প্রতি ‘অপারেশন সিন্দুর’-এর প্রথম বার্ষিকী উদযাপন করেছে। গত বছরের ৭ মে পহেলগাম হামলার পর ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। ভারতীয় সামরিক বাহিনীর ওই অভিযানের নাম ছিল ‘অপারেশন সিন্দুর’।
পরবর্তীতে পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করলে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে প্রায় ৮৮ ঘণ্টাব্যাপী উত্তেজনা সৃষ্টি হয়। পরে ১০ মে সন্ধ্যায় উভয় দেশের সমঝোতার মাধ্যমে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তান সম্পর্কের চলমান উত্তেজনার মধ্যে সেনাপ্রধানের এমন বক্তব্য দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে।
