হাসিনার বক্তব্য প্রচারে কড়া বার্তা, আদালতের নিষেধাজ্ঞা না মানলে আইনি ব্যবস্থা
দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলতে দেশের গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আদালতের নির্দেশনা অমান্য করে কিছু গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হচ্ছে, যা আইনসম্মত নয়।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে সেই বক্তব্য প্রচার হতে দেখা গেছে, যা আদালতের নির্দেশনার পরিপন্থী। তিনি জানান, তথ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে এ ধরনের প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
তিনি বলেন, সরকার এখনই কঠোর পদক্ষেপ নিতে চায় না। তবে আদালতের নির্দেশনা অমান্য করার প্রবণতা অব্যাহত থাকলে পরবর্তী সময়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকে সহযোগী হিসেবে বিবেচনা করে এবং সংবাদমাধ্যমের সমালোচনা ও জনগণের মতামতকে গুরুত্ব দেয়। তিনি দাবি করেন, বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সমালোচনার পর সরকার অতীতেও সিদ্ধান্ত পর্যালোচনা ও পরিবর্তন করেছে এবং ভবিষ্যতেও গঠনমূলক আলোচনা অব্যাহত রাখতে চায়।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ থাকবে। দলটি ‘রিফর্মড’ বা অন্য কোনো নামে কার্যক্রম পরিচালনার চেষ্টা করলেও তা অনুমোদন দেওয়া হবে না বলে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ উপস্থিত ছিলেন।
