সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতার নামে ভুয়া বক্তব্য ছড়ানোর অভিযোগ উঠেছে। ফ্যাক্টচেকভিত্তিক প্ল্যাটফর্ম BongoGraph দাবি করেছে, নিষিদ্ধ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট একটি অনলাইন নেটওয়ার্ক থেকে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের নামে বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হচ্ছে।
মঙ্গলবার (১৩ মে) প্রকাশিত এক অনুসন্ধানে BongoGraph জানায়, ‘Bengali Stream’ নামের একটি ফেসবুক পেজ থেকে কয়েকটি ভুয়া উক্তি সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়েছে। এসব পোস্টে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের নামে বিতর্কিত বক্তব্য জুড়ে দেওয়া হয়।
ভাইরাল হওয়া পোস্টগুলোর মধ্যে ছিল— সীমান্ত ইস্যু, হাম রোগ পরিস্থিতি, পশ্চিমবঙ্গ রাজনীতি এবং নিরাপত্তা বাহিনী সম্পর্কিত নানা বক্তব্য। তবে অনুসন্ধানে দেখা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা বাস্তবে এমন কোনো মন্তব্য করেননি।
ফ্যাক্টচেক প্রতিবেদনে আরও বলা হয়, উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক বিভ্রান্তি তৈরি এবং জনমনে উত্তেজনা ছড়াতেই এসব ভুয়া কনটেন্ট প্রচার করা হচ্ছে। বিশেষ করে রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়গুলোকে কেন্দ্র করে এ ধরনের অপপ্রচার বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল কোনো পোস্ট দেখলেই তা বিশ্বাস না করে নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা জরুরি। কারণ ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়লে তা সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে।
